
আকির হোসেন,মোহনগঞ্জ: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামে বেতাই নদীর তীরে চিরনিদ্রায় শায়িত প্রখ্যাত বাউল সাধক উকিল মুন্সির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাজারে এসেছে নতুন লোকসংগীত ‘ব্যথায় নদীর পাড়ে’। ২০ আগস্ট ২০২৬ তারিখে সংগীতশিল্পী ক্ষ্যাপা মুসার নিজস্ব ইউটিউব চ্যানেলে (Khepa Musa) গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর মনোমুগ্ধকর সুরারোপ করেছেন সুরকার ও সংগীতশিল্পী ক্ষ্যাপা মুসা। মল্লিক রাসেলের সুনিপুণ গীতিকবিতায় গানটির সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের অন্যতম সংগীত পরিচালক আকাশ মাহমুদ। ভিডিও নির্দেশনা দিয়েছেন শিল্পী শিমুল হাসান। চিত্ররূপ ও দৃশ্যায়ন সম্পন্ন করেছেন শেখ শান্ত। এতে অভিনয়ে অংশ নিয়েছেন ক্ষ্যাপা মুসা, মল্লিক রাসেল, দুঃখী মিলন, নিলয় রেজা, সুজন পারভেজ, রবিন খান ও বুলবুল আহম্মেদ। গানটির পেছনের আবেগময় প্রেক্ষাপট জানাতে গিয়ে শিল্পী ক্ষ্যাপা মুসা বলেন, “সম্পর্কের সূত্রে বাউল সাধক উকিল মুন্সি আমার বড় বাবা ছিলেন। তবে আমার জন্মের পর তাকে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি। পরিবারের অন্যান্য সদস্য তাকে দেখলেও আমার মনে সবসময় এক গভীর আক্ষেপ থেকে যায়। সেই না-দেখা ব্যাকুলতা থেকেই এই গানের জন্ম।” নিজের জন্মস্থান মোহনগঞ্জের স্মৃতি ও অনুভূতি ফুটিয়ে তুলতেই তিনি গীতিকার মল্লিক রাসেলকে গানটি রচনার অনুরোধ জানান। ঐতিহ্যবাহী বেতাই নদীর পাড়ে উকিল মুন্সির মাজার ও স্মৃতির আবহ নিয়ে তৈরি এই গানটি প্রকাশের পর থেকেই সাধারণ শ্রোতা ও নেটিজেনদের প্রশংসায় ভাসছে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় গানটির কথা, সুর ও দৃশ্যধারণের সুনিপুণ কাজের প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করছেন সর্বস্তরের লোকসংগীতপ্রেমীরা।





























