
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বৈরী আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে শত শত ফিশিংবোট। দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছ ধরতে গিয়েই হঠাৎ বৈরী আবহাওয়ার কবলে পড়ে শূন্য হাতে তীরে ফিরে আসতে হয়েছে জেলেদের।
সুন্দরবনের দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে থাকা বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোট মাঝি নজরুল ইসলাম শুক্রবার দুপুরে মোবাইল ফোনে জানান, গত দুই দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। প্রবল পূবালী বাতাসের সাথে বড় বড় ঢেউয়ের কারণে সাগর চরম উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সাগরে টিকতে না পেরে ফিশিংবোটগুলো উপকূলের দিকে ছুটে এসেছে। ইতোমধ্যে অনেক বোট সুন্দরবনের মেহেরআলী, আলোরকোল ও ভেদাখালীসহ বিভিন্ন খালের নিরাপদ আশ্রয়ে রয়েছে।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় কয়েকশ ফিশিংবোট রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা ও পাথরঘাটা উপকূলসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকার পর সাগরে নেমেই এমন দুর্যোগের মুখে পড়ায় জেলেরা চরম বিপাকে পড়েছেন।
এদিকে শরণখোলার রাজৈর মৎস্যঘাটের আড়তদার কবীর হোসেন জানান, আবহাওয়া খারাপ থাকায় অনেক ফিশিংবোট সাগরে না গিয়ে গত দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটেই নোঙর করে আছে। বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার মুখে পড়ে জেলেরা জীবনের ঝুঁকি না নিয়ে বোটবহর নিয়ে উপকূলের দিকে ফিরে আসছেন।
শুভ্র/




























