
। মো কামরুল হোসেন সুমন,মনপুরা:পড়াশোনার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন ভোলা জেলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সোহান সোহাগ মিয়া। মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের উদ্যোগে জেলা পর্যায়ে তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।গত ১৫ আগস্ট রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে এক জমকালো আয়োজনের মাধ্যমে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত মার্সাসহ মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।ভোলা সরকারি কলেজের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সোহান সোহাগ ইতোপূর্বেও নিজের মেধা ও সমাজসেবামূলক কাজের স্বীকৃতি কুড়িয়েছেন। ২০১৮-১৯ সালে জেলা ও উপজেলা পর্যায়ে 'শ্রেষ্ঠ শিক্ষার্থী' হিসেবে তৎকালীন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরে আলম সিদ্দিকির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।শিক্ষাজীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনে নেতৃত্বের ভূমিকায় সক্রিয় ছিলেন সোহাগ। তিনি ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট ও ভোলা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 'বলাকা ব্লাড ডোনেশন সংগঠন'-এর ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি, ভোলা জেলা প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক এবং কিছুদিন সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। এমন অর্জনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ সোহান সোহাগ বলেন, "শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনা দিয়ে প্রকৃত মেধাবী হওয়া যায় না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সমাজসেবা ও মানবতার কাজে আত্মনিয়োগ করতে হবে। তরুণ সমাজকে অতিরিক্ত মোবাইল আসক্তি ত্যাগ করে দেশের কল্যাণে ও মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানাই।"সোহান সোহাগের এই আন্তর্জাতিক মানের সম্মাননা অর্জনে আনন্দিত স্থানীয় সুধীসমাজ। সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার এই নিরলস প্রয়াস তরুণ প্রজন্মের জন্য অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন তাঁরা।





























