
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে এক পুলিশ সদস্যকে কামড় দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান মোহাম্মদ মহিউদ্দিন (২৮)। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে ফের গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য, মামলার বাদীসহ পাঁচজন আহত হয়েছেন। একই ঘটনায় মহিউদ্দিনের এক আত্মীয় ও গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে আটক করেছে পুলিশ।আহতরা হলেন—বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম (৪৮), সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম বিল্লাহ (৩৫), কনস্টেবল হাসানুজ্জামান (৩২), মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে আবদুল মান্নান আদালতে একটি নালিশি মামলা করেন। ওই মামলায় আদালত মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।রোববার রাতে ওই পরোয়ানা তামিল করতে বোয়ালখালী থানা পুলিশের একটি দল চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাটা এলাকায় অভিযান চালায়। মামলার বাদী আবদুল মান্নানও পুলিশের সঙ্গে ছিলেন। অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তারের পর তার হাতে হ্যান্ডকাফ পরানো হয়।এ সময় মহিউদ্দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং একজন পুলিশ সদস্যকে কামড় দেন। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পুলিশের কাছ থেকে পালিয়ে যান তিনি। খবর পেয়ে তাকে ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। পরে অভিযান চালিয়ে মহিউদ্দিনকে ফের গ্রেপ্তার করা হয়।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, “আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে এবং পুলিশ সদস্যদের হাতে আঁচড় ও কামড় দেয়। একপর্যায়ে হ্যান্ডকাফসহ পালিয়ে গেলেও পরে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।”ওসি আরও জানান, এ ঘটনায় মহিউদ্দিনকে গ্রেপ্তারের পাশাপাশি তার আত্মীয় ও গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে আটক করা হয়েছে। জেবল হোসাইন মূল মামলার আসামি নন। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























