
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজনকে আঁটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৫ঘটিকার সময় উপজেলার অমরপুর ইউনিয়নের কারেঙ্গাতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালানোর সময় কারেঙ্গাতলী বাজার এলাকায় ১ (এক) পুরিয়া গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে রুপকুমার রায় (৩৫) এবং রবিন চন্দ্র দাস (২২) নামে দুইজনকে আঁটক করেন।
পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে রুপকুমার রায় (৩৫)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং রবিন চন্দ্র দাস (২২)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আঁটক রুপকুমার রায় (৩৫) চিরিরবন্দর উপজেলার শ্যামনগর গ্রামের জ্যোতিলালের ছেলে এবং রবিন চন্দ্র দাস (২২) খানসামা উপজেলার জমিদারনগর গ্রামের পরমেশ্বরের ছেলে।
অভিযানে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
এসময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুন-নবীসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছেন, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





























