
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ভেজাল হলুদ উৎপাদনের অভিযোগে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ ক্ষতিকর রং, ভেজাল মেশানোর উপকরণ ও গুঁড়া হলুদ জব্দ করে ধ্বংস করা হয়। রবিবার (২৪ মে) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশ ও র্যাবের সহযোগিতায় উপজেলার ধাপেরহাট বড় ছত্রগাছা গ্রামের আব্দুল খালেকের হলুদ ভাঙা মিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং ও বিভিন্ন ভেজাল উপাদান ব্যবহার করে হলুদ গুঁড়া প্রস্তুতের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে মিল থেকে উদ্ধার করা বিভিন্ন উপকরণ জব্দ করে ধ্বংস করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিল মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকটি মিলে কাঠের গুঁড়া, ইটের গুঁড়া ও ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে হলুদ উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে অতীতেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। অভিযোগ রয়েছে, প্রশাসনের অভিযান ও জরিমানার পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও পরে আবারও একই কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমন অভিযোগের ভিত্তিতেই এবার অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




























