
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি: শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালীকরণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল এমপি। সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত “দক্ষিণ এশিয়ায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া” শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। সরকারি সফরসূচি অনুযায়ী, সোমবার (২২ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন প্রতিমন্ত্রী। স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া, কাউন্সিলর হাবিবসহ দূতাবাসের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সম্মেলনে শিশু অধিকার সুরক্ষা, শিশু কল্যাণে টেকসই নীতিমালা প্রণয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর অভিজ্ঞতা বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রতিমন্ত্রী বাংলাদেশের শিশু সুরক্ষা খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রমতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ খাতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে। সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্বামী এইচ. এম. বারু সানি এবং কন্যা নাজাহ বিনতে হোসাইন রয়েছেন। সম্মেলন শেষে আগামী ২৭ জুন সকালে তিনি কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে একই দিন দেশে ফিরবেন।




























