
শফিকুল স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ঐতিহ্যবাহী গফরগাঁও অঞ্চলকে বিভক্ত করে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা অনুমোদন করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দত্তের বাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে গতকাল এই কর্মসূচী পালিত হয়।এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত একটি বিশাল গণমিছিল দত্তের বাজার ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রাচীন জনপদ কান্দিপাড়া বাজার সংলগ্ন গেজেটভুক্ত ১৪৩ নং নয়াবাড়ি মৌজায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, নয়াবাড়ি মৌজাটি ভৌগোলিকভাবে দক্ষিণ গফরগাঁওয়ের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপিত হলে আশপাশের ৮টি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে দ্রুততম সময়ে সরকারি সেবা পাবেন। বর্তমানে গফরগাঁও উপজেলা সদরে গিয়ে দাপ্তরিক কাজ সারতে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে যে চরম ভোগান্তি ও অর্থ অপচয় করতে হয়, নতুন উপজেলা চালুর মাধ্যমে তা থেকে স্থায়ী মুক্তি মিলবে।এদিকে গতকালই গেজেটভুক্ত প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, নতুন দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। বিভাগীয় কমিশনারের এমন আশ্বাসের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। অবিলম্বে সব আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে নয়াবাড়ি মৌজায় উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।গণমিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ. কে. এম আনছার উদ্দিন, আবুল হাশেম আদু মেম্বার, আব্দুল হাই মেম্বার ও আমির উদ্দিন পাহলোয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।




























