
সাআদ মাহমুদ, হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে দলিল লেখক জুবায়ের হোসেন ও তাঁর সহকর্মী বাবুল সরকারের বিরুদ্ধে এক নারীর করা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জুবায়ের হোসেন।সোমবার (১৮ আগস্ট) হালুয়াঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব দাবি করেন। এ সময় তিনি অভিযোগকারী নারীর সংবাদ সম্মেলনকে ‘তামাশা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানান।লিখিত বক্তব্যে জুবায়ের হোসেন বলেন, জমি-সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে তাঁকে ও তাঁর সহকর্মী বাবুল সরকারকে জড়িয়ে এক নারীকে সামনে এনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ানো হয়েছে। ওই নারীকে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করা হলেও এর পেছনে একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্ত রয়েছে বলে দাবি করেন তিনি।জুবায়েরের অভিযোগ, একটি মহল কথিত সাংবাদিকদের ব্যবহার করে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।তিনি আরও দাবি করেন, অভিযোগকারী নারী যে ভূমি নিয়ে দাবি তুলেছেন, সেখানে তাঁর বা তাঁর স্বামীর কোনো মালিকানা কিংবা বৈধ স্বত্ব নেই। এ বিষয়ে ওই নারী বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করলেও অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি বলেও দাবি করেন তিনি।জুবায়ের হোসেন বলেন, “এতদিন পর হঠাৎ করে আমাদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের নামে এ তামাশা করা হয়েছে।” প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের কাছে প্রয়োজনীয় দলিলপত্র ও কাগজপত্র সংরক্ষিত রয়েছে। সাংবাদিকদের সামনে এসব নথি উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরারও আশ্বাস দেন তিনি।তবে অভিযোগকারী নারীর করা অভিযোগের বিস্তারিত বক্তব্য ও তার পক্ষে উপস্থাপিত নথিপত্র এ প্রতিবেদকের হাতে না থাকায় জুবায়ের হোসেনের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে জমি-সংক্রান্ত বিরোধ ও উভয় পক্ষের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রকৃত ঘটনা নির্ধারণ করা প্রয়োজন।




























