
স্টাফ রিপোর্টার
দীর্ঘদিনের দ্বন্দ্ব,মনোমালিন্য আর উত্তেজনার কালো ছায়া পেরিয়ে অবশেষে শান্তির আলো ফিরল তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামে। (৯মে) শনিবার অনুষ্ঠিত এক সালিশি বৈঠকের মাধ্যমে দুই পরিবারের দীর্ঘদিনের পূর্ববিরোধের অবসান ঘটানো হয়েছে।
সুনামগঞ্জ -১আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর হস্তক্ষেপ ও উপস্থিতিতে আয়োজিত এ সালিশি বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শুনে শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা হয়। পরে দুই পরিবার অতীতের বিরোধ ভুলে মিলেমিশে চলার অঙ্গীকার ব্যক্ত করলে উপস্থিত এলাকাবাসীর মাঝেও স্বস্তির আবহ সৃষ্টি হয়।
সালিশি বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। তিনি বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারিবারিক ও সামাজিক বিরোধ সংঘাতের পথে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি। তিনি সবাইকে সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার ফলে এলাকায় শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।





























