
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও দুই জেলার জেলা প্রশাসককেও তাঁদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে মঙ্গলবার (১৮ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন কর্মকর্তাকে নিজ নিজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার পরবর্তী কর্মস্থল বা পদায়ন কোথায় হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো তথ্য দেওয়া হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশের মাধ্যমে তাঁর পরবর্তী পদায়ন জানানো হবে। হঠাৎ করে জেলা প্রশাসকের প্রত্যাহারের এ আদেশে গাইবান্ধার প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন সবার নজর তাঁর পরবর্তী পদায়নের দিকে।




























