
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গাইবান্ধার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আব্দুল করিম গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা বিদ্রোহ কুমার কুন্ডু, উপপরিচালক, স্থানীয় সরকার, গাইবান্ধা মোঃ মুশফিকুর রহমান এবং এনডিসি সাব্বির আহমেদ।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ, গাইবান্ধা সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারজান সরকার, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ সরকার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহম্মেদ পলাশ, সদর বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। বক্তারা আরও বলেন, মৎস্য খাতের উন্নয়নের সঙ্গে দেশের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। তাই মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, চাষিদের আধুনিক প্রশিক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গাইবান্ধায় তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে মৎস্য চাষ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।





























