
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ গাইবান্ধা প্রেস ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রয়াত আবু জাফর সাবুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের সদস্যসহ উপস্থিত ব্যক্তিরা। গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুনের সভাপতিত্বে স্মরণসভায় সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন অধ্যাপক জহুরুল কাইয়ূম, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. খালেদ হোসেন ও রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিবলু, পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, লাল চান বিশ্বাস সুমন, আরিফুল ইসলাম বাবু, রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, সুমনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য। স্মরণসভায় বক্তারা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবন, সাংবাদিকতা ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আলোচনা শেষে প্রয়াত আবু জাফর সাবুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাঁচারী বাজার জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা রাকিব হাসান। উল্লেখ্য, সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালের ২৯ আগস্ট বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক জনকণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি এবং গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।





























