
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে গাইবান্ধায় দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি মাহমুদুল হাবীব রিপনের ওপর হামলার চেষ্টা ও তার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধা প্রেসক্লাব। সাংবাদিক মাহমুদুল হাবীব রিপন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর গ্রামের বাসিন্দা। একই এলাকার সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান পাপুল গত ১৫ জুলাই ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, ওই সংবাদ প্রকাশের জেরে জামিনে মুক্ত হয়ে গত ১৪ আগস্ট সকালে মেহেদী হাসান পাপুল সাংবাদিক রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করেন। জীবন বাঁচাতে রিপন দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে একই দিন সন্ধ্যায় পাপুল ও তার কয়েকজন সহযোগী রিপনের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তাকে জীবননাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর সাংবাদিক মাহমুদুল হাবীব রিপন গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত মেহেদী হাসান পাপুলকে গ্রেপ্তার করা হয়নি। গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত মেহেদী হাসান পাপুলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



























