
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে এক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালিত হয়েছে। আজ মহানগরের ২৫ নং ওয়ার্ডের পূর্ব ভূরুলিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিএসটিআই আইন এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে দুটি মামলায় সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, পূর্ব ভূরুলিয়া এলাকার শাওন শিকদারের মালিকানাধীন ‘তাবাসসুম ফুড’ নামের একটি অনুমোদনহীন বেকারি ফ্যাক্টরিতে এই অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা—সহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।উক্ত মোবাইল কোর্টটি গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাশরীফুল ইসলাম এবং নূর নাহিন নিশাদ-এর যৌথ নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই গাজীপুর অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ রিয়াজ হোসেন মোল্লা এবং পরিদর্শক (মেট্রোলজি) আফসানা ইসলাম কেয়া।বিএসটিআই গাজীপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় অবৈধ ও অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে এবং ভেজাল বিরোধী ও পরিমাপ সচেতনতামূলক এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




























