
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় এক অটোচালককে গলা কেটে হত্যার পর তার অটো ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোচালক উপজেলার সদর ইউনিয়নের নবনীদাস এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে। এঘটনায় কাউকে গ্রেফতার করা যাযনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে স্থানীয় লোকজন শান্তিপাড়া এলাকায় গলাকাটা রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে গঙ্গাচড়া মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে।
এদিকে নিহতের স্বজনদের দাবি, জমিজমা নিয়ে যাদের সঙ্গে তার বিরোধ ছিল, তাদের কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার আগে কারও বিরুদ্ধে অভিযোগকে সত্য হিসেবে বলা যাচ্ছে না।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর ‘আলোকিত সকাল’কে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা সার্বিক দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





























