
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়া তরল বর্জ্য উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফতুল্লার হাজীগঞ্জ এলাকার ওয়াপদারপুলে অবস্থিত ‘মেসার্স সোহেল ইয়ার্ণ ডাইং’ নামের প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কারখানাটির বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, আদালতের নির্দেশনা বাস্তবায়নে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।































