
সোনারগাঁও প্রতিনিধি:
সোনারগাঁয়ে আসন্ন জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জাকির হোসেন বাবু। নির্বাচনী প্রচারণা শুরুর অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন। এ সময় এলাকার সর্বস্তরের জনগণ ও স্থানীয় যুবদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।গণসংযোগকালে জাকির হোসেন বাবু বলেন,
"আমি জামপুর ইউনিয়নের সন্তান। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। অবহেলিত জামপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি আরও বলেন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এবার ইউনিয়নবাসীর সেবা করার জন্য তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় ভোটারদের একাংশ জানান, জাকির হোসেন বাবু একজন তরুণ, পরিচ্ছন্ন ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে এলাকায় বেশ পরিচিত। করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। যুবদলের সাবেক সফল সভাপতি হিসেবে তরুণদের মাঝেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তার এই আনুষ্ঠানিক প্রচারণায় নামায় জামপুর ইউনিয়নের নির্বাচনী সমীকরণে নতুন আমেজ তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট ও দোয়া চাওয়ার মাধ্যমে প্রচারণা আরও বেগবান করবেন বলে জানান এই প্রার্থী।



























