
। মোতালেব হোসেন(কুমিল্লা)।। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জন্য সরকার ঘোষিত সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। কোনো শহীদ পরিবার যদি তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে তাহলে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গণপূর্ত মন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। এ কথাটি শুধু মুখে বললেই হবে না, আমাদের কর্মে ও অন্তরে ধারণ করতে হবে।”তিনি বলেন, “জুলাই আন্দোলনের যোদ্ধারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মুক্তির জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।”মন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে শহীদদের আত্মত্যাগ রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা শহীদদের ত্যাগ কখনো বৃথা যেতে দেব না। দীর্ঘদিনের দুঃশাসনে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে এগিয়ে এলে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াবে।”তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে সঠিক পথে এগিয়ে নিচ্ছে। আমরা যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দেশের চেহারা বদলে যাবে।”শহীদ পরিবারদের উদ্দেশে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, “আমার মন্ত্রণালয়ের আওতায় যে ধরনের সুযোগ-সুবিধা অন্যান্য শহীদ পরিবার পাচ্ছেন, কুমিল্লার শহীদ পরিবারও সেসব সুবিধা পাবেন। সরকার ঘোষিত কোনো সুবিধা যদি কেউ না পেয়ে থাকেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করব।”সভায় প্রধান আলোচকের বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য চৌধুরী বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা দীর্ঘদিনের স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। আমরা জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করি।”তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের বলব, বর্তমান প্রধানমন্ত্রী তোমাদের প্রজন্মের মানুষ। তিনি তোমাদের ত্যাগ, কষ্ট ও প্রত্যাশা বোঝেন। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো—তিনি তোমাদের হতাশ করবেন না।”মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।





























