
মোঃ রায়হান মাহামুদ:
গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব প্রবাসী মাসুম ভুইয়ার বসতবাড়ীর জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে কথিত বিএনপি নেতা জুয়েল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এ বিষয়ে প্রবাসীর বড় ভাই আব্দুল হালিম ভুইয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আরএস রেকর্ডে ফুলদী মৌজার ১৫৩নং খতিয়ানের ১১টি দাগে ৩২০ শতাংশ সম্পত্তির মধ্যে আট আনা হিস্যায় ১৬০ শতাংশ সম্পত্তি আমিনদ্দিন ভুইয়া ও মেছবা উদ্দিনের নামে ভুলক্রমে রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে আমিনদ্দিন ও মেছবা উদ্দিনের ওয়ারিশগণ বিগত ২২/৬/২০০৪ইং তারিখে কালীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের ৩৮৬৪নং নাদাবি দলিলমূলে ৬৪.৫০ শতাংশ সম্পত্তি মূল মালিক মনির উদ্দিনের নামে রেজিষ্ট্রি করে দেয়। মনির উদ্দিন নামজারী জমাভাগ করে ১৮০৭নং জোত খোলে নিয়মিত খাজনাদি পরিশোধ করা অবস্থায় মৃত্যুবরণ করলে তার পুত্র কন্যাগণ উক্ত সম্পত্তি ভোগদখল করতে থাকেন। কিন্তু আমিনদ্দিনের ওয়ারিশ নুরু মিয়া, দিনারা বেগম ও রিনা বেগম কথিত স্থানীয় বিএনপি নেতা জুয়েল এর সহযোগীতায় গত সোমবার (১৭ আগষ্ট) সকালে উক্ত সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে ঘর নির্মাণ শুরু করে। এসময় প্রবাসী মাসুমের স্ত্রী স্মৃতি, বড় ভাই আব্দুল হালিম ও বোন শান্তা জবরদখলকারীদের বাধা দিলে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরে আব্দুল হালিম জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ আসার আগেই সন্ত্রাসীরা ঘর নির্মাণের মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে আব্দুল হালিম বাদী হয়ে সোমবার বিকেলে কালীগঞ্জ থানায় চার জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েল মোবাইল ফোনে জানান, রেজিষ্ট্রিকৃত হলেও না দাবি দলিলের কোন গ্রহণযোগ্যতা নেই। তাই আমি লোকজন নিয়ে জমি দখল করতে গিয়েছি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



























