
মোঃ সোহরাব উদ্দিন মণ্ডল, গাজীপুরগাজীপুরের কাশিমপুরে পাঠাও কুরিয়ারের এক ডেলিভারি এজেন্টকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা ৫৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাসেল হোসেন (৩২)।অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের বারেন্ডা মধ্যপাড়া এলাকার এরশাদ মোল্লার বাড়ির সামনে রাস্তার উপর পৌছিলে রাসেল হোসেনের পথরোধ করে তিনজন দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তরা রাসেলকে রাস্তার পাশের জলাশয়ের দিকে টেনে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে তার বাম হাত ও বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দেয়। পরে তার সঙ্গে থাকা পাঠাও কুরিয়ারের ডেলিভারির ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ভুক্তভোগী রাসেল হোসেন জানান, তিনি প্রায় ৯-১০ মাস ধরে পাঠাও কুরিয়ারের ডেলিভারি এজেন্ট হিসেবে কর্মরত। ঘটনার পর পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে কাশিমপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




























