
মোঃ সোহরাব উদ্দিন মণ্ডল, গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার বিভিন্ন ওয়ার্ডে সড়ক উন্নয়ন কাজ ও সবুজায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।শনিবার (২৫ জুলাই) মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় ৯০ শতাংশ সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হয়েছে। এতে ভারী যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার ও উন্নয়নের আওতায় আনা হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরকে আরও সবুজ করে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”এদিন কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাশিমপুর থানা এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























