
।
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদসহ একটি মাইক্রোবাস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার ৫ অক্টোবর ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন গীতবাড়ি বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও যানবাহন আটক করে।
বিজিবি সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তের গাংরা নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
আটক করা মাদকদ্রব্য ও হায়েস মাইক্রোবাসটি আইনগত প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়ার কথা জানিয়েছে বিজিবি।





























