
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি: প্রশাসনিক জটিলতা নিরসন, লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রমিকদের কর্মসংস্থান রক্ষাসহ ছয় দফা দাবিতে নাটোরের লালপুরে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমিতির সভাপতি রবিউল ইসলাম রবির নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক, শ্রমিক ও কর্মচারীরা লালপুর থানা এলাকার প্রধান সড়কে মানববন্ধনে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তাদের দাবি ও চলমান সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়ার পরও বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও অযৌক্তিক কারণে দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স প্রদান কার্যক্রম আটকে রয়েছে। এর ফলে উপজেলার অধিকাংশ ইটভাটার কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে এবং মালিকরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বক্তারা জানান, বর্তমানে লালপুর উপজেলার প্রায় ২৬টি ইটভাটা বন্ধ রয়েছে। এতে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত প্রায় ২০ হাজার শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়েছে। কাজ হারিয়ে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, ইটভাটা শিল্প শুধু একটি ব্যবসা নয়; এটি স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই শিল্পের সঙ্গে পরিবহন খাত, কাঁচামাল সরবরাহকারী, নির্মাণ শ্রমিকসহ হাজারো মানুষের জীবিকা জড়িত। ফলে লাইসেন্স জটিলতার কারণে পুরো খাতই বর্তমানে সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে। সমাবেশ থেকে দ্রুত লাইসেন্স প্রদান, কাঁচামাল সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, প্রশাসনিক জটিলতার অবসান এবং ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন বক্তারা। পরে ইটভাটা মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে দাবিসংবলিত একটি স্মারকলিপি নাটোর জেলা প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর প্রদান করা হয়। এ সময় বক্তারা সমস্যা সমাধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি মেহেদী হাসান লিটন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ভাটা মালিক হাফিজুর রহমান হাফিজ, আসাদুল ইসলাম, শফিকুর রহমান ময়না, সবুজ আহমেদসহ উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক, শ্রমিক, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




























