
আরাফাত আলী, স্টাফ রিপোর্টার:
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশি। সোমবার (১১ মে) দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতরা হলেন সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম।জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে জিবদিন এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন তারা। এসময় ইসরায়েলি বিমান হামলা চালানো হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে নাবাতিয়েহর একটি হাসপাতালে নিয়ে যায়। লেবাননে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
দূতাবাস সূত্রে আরও জানানো হয়েছে, নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পাঠানো এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের কাজ চলমান রয়েছে।





























