
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
মোঃ জসিম উদ্দিন (রহমানী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১২টায় উপজেলা সদরের সুবিদখালী সরকারি বহুমুখী মডেল হাইস্কুলের সামনে বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে রাজপথে দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করা ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। নবগঠিত এই আংশিক কমিটিতে মাদক কারবারি, চাকরিজীবী, অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বচ্ছ প্রক্রিয়া এড়িয়ে এমন একটি বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে। আমরা অবিলম্বে এই আংশিক কমিটি বাতিল করে দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।’
উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন—সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন হাওলাদার, বাবুল মুন্সি, শাহীন ফরাজি, সৌরভ মুন্সি এ ছাড়া মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হাঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত এই কমিটি বাতিলের সিদ্ধান্ত না এলে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।





























