
মো কামরুল হোসেন সুমন,মনপুরা:ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ ৫ জনকে আটক করেছে মনপুরার কোস্টগার্ড আউটপোস্ট। বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পূর্ব ও পশ্চিম অংশের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা।আটককৃত ড্রেজারটির মালিক হানিফ মাঝি। আটক ব্যক্তিরা হলেন—নয়া মিয়া, ইসমাইল, শুক্কুর মিয়া, হাসান ও কায়েস মোল্লা। তাদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার লাকুরতলী গ্রামে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল নিয়মনীতি উপেক্ষা করে উপকূলের কাছ থেকে ড্রেজার দিয়ে বালু তুলে আসছিল। এতে নির্মাণাধীন বেড়িবাঁধ প্রকল্প হুমকিতে পড়ার পাশাপাশি তীব্র নদীভাঙনে বহু মানুষ বসতবাড়ি হারিয়েছেন। গত দুই বছর ধরে এলাকাবাসী প্রতিবাদ জানালেও বালু উত্তোলন বন্ধ হয়নি। তবে কোস্টগার্ডের এই অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজাহারুল ইসলাম জানান, কোস্টগার্ডের অভিযানে ড্রেজার ও লোকজন আটকের বিষয়টি তিনি শুনেছেন।এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া উইং অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার ও ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান সহ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





























