
আকির হোসেন, মোহনগঞ্জ: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পানুর গ্রাম সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।আদালত আটককৃতদের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা অনাদায়ে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন— মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯) এবং উপজেলার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩)।বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, দণ্ডপ্রাপ্ত তিন যুবককে রাতে আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





























