
আকির হোসেন— মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন বুধবার (১২ আগস্ট) সকালে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নওহাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌরশহরের নওহাল গ্রামের মো. শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া এলাকার জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), দৌলতপুর এলাকার অনয় রায় (২০) এবং উপজেলার খুরশিমুল গ্রামের মো. ফারুক মিয়া (৩৫)। আদালতের রায়ে শমল মিয়াকে ১ মাস, জাহেদুল ইসলাম জুয়েলকে ১৫ দিন, অনয় রায়কে ১৫ দিন এবং মো. ফারুক মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত চারজনকে বুধবার সকালেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।





























