
আকির হোসেন, মোহনগঞ্জ: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী বৈঠকের পরপরই মাদকসহ মো. খোকন মিয়া (৪০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর দুইটায় মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের বড়কাশিয়া চেয়ারম্যান বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত খোকন মিয়া উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রামের সুন্দর আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেওথান ও বড়কাশিয়া—এই দুই গ্রামের বাসিন্দারা দেওথান এলাকার হাবিবুর রহমানের বাড়িতে এক যৌথ মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করেন। সভায় দুই গ্রামের সর্বস্তরের মানুষ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠক শেষ হওয়ার পরপরই বড়কাশিয়া চেয়ারম্যান বাড়ির সামনে এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে—এমন খবর পেয়ে মো. গোলাম রাব্বানী পুতুল, মো. নূরুল কবির ও মো. শাহজাহান আলম বিপ্লবের নেতৃত্বে গ্রামের তরুণরা দ্রুত সেখানে গিয়ে খোকন মিয়াকে হাতেনাতে আটক করে।আটকের পর খোকন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বড়কাশিয়া গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা মো. মোস্তাক (৫০)-এর বাড়িতে পুলিশ ও গ্রামবাসী যৌথ অভিযান চালায়। তবে উপস্থিতি টের পেয়ে মোস্তাক পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তীতে আটক খোকন মিয়াকে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদেরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত খোকন মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০০ টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ড প্রদান করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খোকন মিয়াকে পুলিশ হেফাজতে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক মাদক বিক্রেতা মোস্তাককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




























