
আকির হোসেন, মোহনগঞ্জ:
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে ভোরবেলায় সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাইলোড়া এলাকার রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
আহত সুজন পাল খালিয়াজুরীর মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জের একটি মিষ্টির দোকানের কর্মচারী এবং পরিবার নিয়ে মাইলোড়ায় ভাড়া থাকেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে সুজন বাসা থেকে বের হলে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী তাঁর কাছে এক প্রবাসীর বাড়ির ঠিকানা জানতে চায়। এ সময় তাদের হাতে অস্ত্র দেখে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়।
সুজনের পিঠে গুলি লেগেছে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।





























