
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করে কলা পাকানোর দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী।
জানা যায়, সন্ধ্যা ৭টার পর ফার্মেসি ও হোটেল ব্যতীত সকল দোকান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি কোম্পানীগঞ্জ বাজারে অভিযানে বের হন। এসময় একটি ফলের দোকান খোলা পেয়ে ভিতরে গিয়ে দেখেন বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কলা পাকানো হচ্ছে। বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কলা পাকিয়ে বিক্রি করার অপরাধে 'ইনসাহ ফলের আড়ত'কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও এবিএম সারোয়ার রাব্বী বলেন, ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করে কলা পাকানোর দায়ে দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য কলা ব্যবসায়ীদের কলায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য না মিশাতে পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশের একটি দল। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।




























