
নারায়ণগঞ্জে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
ক্ষতিপূরণ ধার্য করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফতুল্লার নয়ামাটি এলাকার এবলুম ডিজাইন লিমিটেডকে ৬ লাখ ৭২ হাজার টাকা, রূপগঞ্জের রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা এবং একই উপজেলার ট্রেডস ওয়ার্থ হাইজভোল্ট লিমিটেডকে ৪ লাখ ৯০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
এ ছাড়া সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে ২ লাখ ৯৪ হাজার টাকা, ফতুল্লার মেসার্স সানলাইট ডাইং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকা এবং দেওভোগের কোয়ালিটি টেক্সটাইলকে ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
অন্যদিকে, বন্দরের কুড়িপাড়া এলাকার স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
সব মিলিয়ে সাতটি প্রতিষ্ঠানের ওপর ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর বলছে, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





























