
মো. আজিজুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি অবৈধ ইটভাটার চুল্লি ও কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়ার মাত্র এক ঘণ্টা পরই সেগুলো পুনরায় চালু করার অভিযোগ উঠেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ভাটাগুলো আবারও সচল হওয়ায় অভিযানের কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী নড়াইলের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। অভিযানে যে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো হলো— মেসার্স আলো ব্রিকস, মেসার্স শেখ ব্রিকস ও মেসার্স কাতার ব্রিকস।
অভিযান চলাকালে এক্সকাভেটর (ভেকু) দিয়ে ইটভাটাগুলোর স্থাপনা ও চুল্লি ভেঙে ফেলা হয় এবং ট্রাক্টর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়। এ সময় ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ভবিষ্যতে আর কখনো ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দেয় প্রশাসন।
তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান পরিচালনাকারী দল এলাকা ত্যাগ করার মাত্র এক ঘণ্টার মধ্যেই ওই তিনটি ইটভাটায় পুনরায় কার্যক্রম শুরু হয়। সরকারি নির্দেশনা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপেক্ষা করে কীভাবে ভাটাগুলো আবার চালু হলো, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও বিস্ময় তৈরি হয়েছে।
অভিযান প্রসঙ্গে নড়াইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া সাংবাদিকদের বলেন, “পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২০১০ সালে সরকার নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনি ও ১২০ ফুট চিমনির সনাতন পদ্ধতির ইটভাটাগুলো সম্পূর্ণ অবৈধ। এ কারণেই অভিযান চালিয়ে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এসব স্থানে কোনো ধরনের ইটভাটা পরিচালনা করা যাবে না। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত দূরত্বের সীমাবদ্ধতা থাকায় এখানে আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপনেরও কোনো বৈধ সুযোগ নেই।
অভিযানে জরিমানা করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সহকারী পরিচালক জানান, ইটভাটার চুল্লি ও স্থাপনা ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আলাদাভাবে কোনো অর্থদণ্ড বা জরিমানা করা হয়নি।
এদিনের অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আসিফুর রহমান এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস উপস্থিত ছিলেন।
এদিকে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযানের এক ঘণ্টা পরই তিনটি ইটভাটা পুনরায় চালুর ঘটনায় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন কী ধরনের কঠোর পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।




































