
মো:আজিজুর রহমান। নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে ভুয়া 'সমন্বয়ক' ও 'সাংবাদিক' পরিচয়ে এবং 'মব' সৃষ্টির ভয় দেখিয়ে এক সরকারি কর্মচারীর কাছ থেকে চাঁদা দাবি ও অর্থ আদায়ের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মচারী নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মো. সবুর শেখ কামাল নড়াইল সদর উপজেলা ভূমি অফিসে চেইনম্যান পদে কর্মরত। তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত আনির হোসেনের সন্তান। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, চাকরিচ্যুত করা এবং 'মব' সৃষ্টি করে হেনস্তা করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে আসছে। অভিযোগে জহুরুল, তথাকথিত/ঘোষিত সমন্বয়ক হাফিজ, স্বপন ও মিজান নামের চার ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চক্রটি এর আগেও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে মোট ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়—যার মধ্যে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে এবং ৫০ হাজার টাকা নগদে গ্রহণ করে। টাকা দেওয়ার পরও চক্রটির প্রতারণা ও হুমকি থামেনি। সম্প্রতি অভিযুক্তরা নিজেদের কখনো ‘সমন্বয়ক’, আবার কখনো ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে তার বিরুদ্ধে সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো এবং অফিসে 'মব' তৈরি করে লাঞ্ছিত করার ভয় দেখিয়ে নতুন করে আরও ৬০ হাজার টাকা দাবি করছে। অনৈতিক এই দাবির প্রতিবাদ করায় তাকে পরিবারসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ভুক্তভোগী মো. সবুর শেখ কামাল বলেন,আমি সরকারের নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি। কিন্তু এই চক্রটি রাজনৈতিক বা সমন্বয়কের পরিচয় ব্যবহার করে মানসিকভাবে বিপযস্ত করে তুলেছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযোগে তিনি অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড, বিকাশ লেনদেনের তথ্য এবং অন্যান্য ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অপরাধীদের দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারের সার্বিক নিরাপত্তার দাবি জানান। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, লিখিত অভিযোগটি তদন্তাধীন রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























