
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাটুয়াভাঙা ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মহরম আলী (৫৬) পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) পুলেরঘাট বাজার এলাকায় তাকে আটক করতে গেলে অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ। পরে বিষয়টি আদালতকে অবহিত করা হলে আদালতের নির্দেশক্রমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ জানায়, জুলাই-আগস্টের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় মহরম আলী এজাহারনামীয় আসামি। শুক্রবার পুলেরঘাট বাজার এলাকায় তাকে আটক করতে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আদালতকে জানানো হলে আদালতের নির্দেশনা অনুযায়ী বর্তমানে পুলিশি হেফাজতে তার চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, মহরম আলী পুলেরঘাট এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে মহরম আলী বিভিন্ন ঘটনায় বাদী হয়ে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। এসব মামলায় অনেক নেতাকর্মীকে কারাগারেও যেতে হয়েছে বলে দাবি তাদের।তাদের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর মহরম আলীর বিরুদ্ধে থাকা মামলাসহ তাঁর অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড নতুন করে আলোচনায় এসেছে।তবে এসব অভিযোগের বিষয়ে মহরম আলীর বক্তব্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী মহরম আলীর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।





























