
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান তামালতলা বাজারের পশ্চিম পাশে অপরিকল্পিতভাবে নির্মিত একটি ফিসারির বাঁধের কারণে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে আশপাশের বিস্তীর্ণ ফসলি জমি ও বসতবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বারবার অভিযোগ ও দাবি জানানোর পর অবশেষে সমস্যা সমাধানে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।সম্প্রতি জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন পুটিজানা ইউনিয়নের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান এবং ইউনিয়ন পরিষদের সচিব শরিফুল ইসলাম। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার বিস্তারিত জানেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ফিসারির বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি বের হতে না পেরে কৃষিজমি ও বসতবাড়িতে জমে থাকে। এতে ধানের ক্ষেতসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পাশাপাশি অনেক পরিবারের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তারা পানি নিষ্কাশনের জন্য স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করেছিলেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়।তবে উদ্যোগ বাস্তবায়নের সময় কিছু বাধারও সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন ফিসারি মালিক ফিসারির পাড়ে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর বিষয়ে আপত্তি জানান। ফলে সাময়িকভাবে কাজ ব্যাহত হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবং ফুলবাড়ীয়া থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ অব্যাহত রাখা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের জলাবদ্ধতার পুনরাবৃত্তি না ঘটে।




























