
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে ফতুল্লা থানাধীন চাষাঢ়া-সাইনবোর্ড প্রধান সড়কের পূর্ব পাশে শান্তিধারা ২ নম্বর রোডের একটি মসজিদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফতুল্লার বিসিক শাসনগাঁও এলাকার রাব্বি (২০), ইয়াছিন আরাফাত (২০), শিমুল (২০), গলাচিপা এলাকার মো. পলক (১৮), নারায়ণগঞ্জ সদরের আবরার আহম্মেদ (১৮), বরগুনার আমতলী এলাকার ফেরদাউছ (১৮) ও তানভির হোসেন (১৮) এবং ময়মনসিংহের নয়ন (১৯) ও আবু বক্কর (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে সমবেত হয়েছেন বলে খবর পাওয়া যায়। পরে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় নয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সঙ্গে থাকা আরও কয়েকজনের নাম-পরিচয় প্রকাশ করেছেন এবং নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বলে জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেছেন, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর ছেলে এ কে এম অয়ন ওসমানের প্ররোচনায় তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নাম ব্যবহার করে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও প্রচার-প্রচারণা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।





























