
আজিজুল ইসলামঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিদ্যালয় আঙিনায় লাগানো ছয়টি বৃক্ষের চারা কে বা কারা উপড়ে ফেলে। এর একদিন পর শনিবার বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।তিনি বলেন, বন্ধের দিনে বিদ্যালয়ে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকারি সম্পদ বিনষ্টের বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।এ ঘটনায় এখনো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে জিডি করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





























