
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সরকারি মালামাল নিয়ম অনুযায়ী নিলামে না তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অব্যবহৃত ব্যাটারি, পুরোনো টায়ারসহ বিভিন্ন সরকারি মালামাল ভ্যানে তোলার সময় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, একটি ভ্যানে কার্যালয়ের অব্যবহৃত ব্যাটারি, পুরোনো টায়ারসহ বিভিন্ন মালামাল তোলার প্রস্তুতি চলছে। অভিযোগ রয়েছে, এসব মালামাল ভাঙারি হিসেবে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, মালামালগুলো ভ্যানে তোলার সময় ডিবিসি নিউজ ও ডেইলি এক্সপ্রেসের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর হঠাৎ করেই মালামাল সরানোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে সংশ্লিষ্টদের বক্তব্যেও পরিবর্তন দেখা যায়। তখন বলা হয়, মালামালগুলো বিক্রি করা হচ্ছে না; অন্যত্র স্থানান্তর করা হচ্ছে।এ বিষয়ে অফিসের কর্মচারী ও স্টোরকিপারের সঙ্গে কথা বলা হলে তাদের বক্তব্যেও বিষয়টি নিয়ে ভিন্নতা পাওয়া যায়। ফলে সরকারি মালামালগুলো আসলে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল, নাকি অন্যত্র স্থানান্তর করা হচ্ছিল—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন উঠেছে, সরকারি মালামাল পরিত্যক্ত ঘোষণা করে বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিলাম বা সংশ্লিষ্ট সরকারি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না। যদি নিলাম প্রক্রিয়া ছাড়াই সরকারি মালামাল বিক্রি করা হয়ে থাকে, তাহলে এর সঙ্গে কারা জড়িত এবং সরকারি কোষাগারে এর অর্থ জমা হয়েছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।অভিযোগের বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোদাব্বের হোসেন বলেন- আমি ডিডি মহোদয়ের সাথে মিটিং এ আছি,অব্যবহৃত ব্যাটারি, পুরোনো টায়ারসহ বিভিন্ন মালামাল গুলো দীর্ঘদিন যাবত অফিসে পড়ে আছে,সেগুলো বর্তমানে গোডাউন ঘরে নিয়ে রাখা হচ্ছে, বলে সাংবাদিকের মুঠোফোন কেটে দেন।সরকারি মালামাল বিক্রির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





























