
আকির হোসেন মোহনগঞ্জ প্রতিনিধি“পদ্মের পাতা পেতে আছে অঞ্জলি রবির করের লিখন ধরিবে বলি।” কবিগুরুর এই অমর কাব্যাংশের মতো রূপ নিয়ে যেন প্রাকৃতিকভাবে সেজে উঠেছে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের মিয়াসির গ্রামে অবস্থিত ‘ডালাহাতা পদ্ম বিল’। চলতি বর্ষা মৌসুমে পুরো বিলজুড়ে প্রাকৃতিকভাবে ফুটে উঠেছে হাজারো লাল ও গোলাপি পদ্ম ফুল। সবুজ পাতার বুক চিরে ফুটে থাকা এসব ফুটন্ত পদ্ম পুরো বিলকে দিয়েছে এক অপরূপ নৈসর্গিক রূপ ও মাধুর্য।প্রতিবছর বর্ষাকালে এই বিলে পদ্মফুলের সমারোহ ঘটে। চলতি মৌসুমেও চারদিকে ছড়িয়ে থাকা পদ্মের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন স্থানীয় প্রকৃতিপ্রেমীসহ দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসু পর্যটকরা ভিড় জমাচ্ছেন। বিশেষ করে ভোরের আলোয় পদ্মের সৌন্দর্য উপভোগ করতে তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ বিলে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং মনোরম দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করছেন।স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার শুরু থেকেই বিলে পদ্ম ফুটতে শুরু করে। এটি এখন এলাকার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। তবে দর্শনার্থীদের প্রতি বিলের প্রাকৃতিক পরিবেশ ও ভারসাম্য রক্ষায় অপ্রয়োজনে ফুল না ছেঁড়া এবং প্লাস্টিকজাতীয় আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।মোহনগঞ্জ উপজেলা সদর থেকে অটোরিকশাযোগে সমাজ সহিলদেও ইউনিয়নের মিয়াসির গ্রামে পৌঁছে ডালাহাতা পদ্ম বিলে যাওয়া যায়। সেখান থেকে স্থানীয় ডিঙি নৌকায় চড়ে পুরো বিল ঘুরে দেখা সম্ভব।





























