
সাআদ মাহমুদ হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে ১৭ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বিলডোরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নিশ্চিন্তপুর (দিগারকান্দা) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, গত ১৩ আগস্ট দুপুরে পূর্ব নিশ্চিন্তপুর এলাকায় তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. আলাল উদ্দিন হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় কিশোরী বাড়িতে একা ছিল। এ সময় অভিযুক্ত রফিকুল ইসলাম তাকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে কিশোরীকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেছে পরিবার।পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্বজনদের সঙ্গে আলোচনা করে তারা আইনগত প্রতিকার পাওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা অভিযোগটির দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা ও প্রয়োজনীয় আইনি সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।




























