
কালো পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা
ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোকক্সবাজারের রামু উপজেলায় অভিনব কৌশলে শরীরে পেঁচিয়ে ইয়াবা পাচারের সময় তিন নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।শনিবার (১৬ মে) বিকেলে রামু থানার বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় পৃথক দুই দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) ও হাজেরা খাতুন (৬৫)। তারা একটি সংঘবদ্ধ নারী মাদক পাচারচক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব।র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু হাইটুপি (বুথপাড়া) এলাকায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সন্দেহভাজন একটি ইজি বাইক থামিয়ে নারী সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করা হয়।তল্লাশিতে তাদের শরীরে কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে পেঁচানো ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে আরও এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২২টি বান্ডেল।র্যাব জানায়, উদ্ধার হওয়া মোট ৬০টি বান্ডেলে ছিল ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা। এছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।





























