
মোঃ রায়হান মাহামুদ :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) পিএমকের রাঙ্গুনিয়া শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচির পাহাড়তলী এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার সোহেল মিয়া।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রায় ৪ থেকে ৫ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এসময় রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। ক্যাম্পে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ সানোয়ার হোসেন, ডা. মিরাজ হোসেন, ডা. মিনুরা মতিন এবং ডা. সহায়রা বিনতে ইসলাম।
সেবা নিতে আসা স্থানীয়রা এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পল্লী মঙ্গল কর্মসূচির কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া শাখার শাখা ব্যবস্থাপক মাসুদ মোল্লা, আইটি অফিসার এনামুল, হিসাবরক্ষক তারেক আজিজসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।




























