
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের রাণীনগর শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসকদের অংশগ্রহণে সংগঠনের কার্যক্রম, পেশাগত বিভিন্ন সমস্যা, পারস্পরিক সহযোগিতা এবং গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন রাণীনগর শাখার সভাপতি আখতারুজ্জামান হিরো সভাপতিত্ব করেন। এতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনছার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন রাণীনগর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বিপ্লব।মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের পল্লী চিকিৎসকরা অংশ নেন। তারা নিজেদের পেশাগত অভিজ্ঞতা, কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা এবং সাধারণ রোগীদের সেবা দিতে গিয়ে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, সেসব বিষয় তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রত্যন্ত এলাকার অনেক মানুষ বিভিন্ন সময়ে দ্রুত চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক সেবার জন্য পল্লী চিকিৎসকদের ওপর নির্ভর করেন। তাই পেশাগত দক্ষতা বৃদ্ধি, চিকিৎসা সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বাড়ানো এবং রোগীদের প্রয়োজনে যথাসময়ে উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানোর বিষয়ে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।বক্তারা আরও বলেন, পল্লী চিকিৎসকদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ, সঠিক পরামর্শ প্রদান এবং চিকিৎসাসেবার ক্ষেত্রে পেশাগত নীতিমালা অনুসরণ করলে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি সংগঠনের সদস্যদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পল্লী চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকদের ভূমিকা আরও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দসহ রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।




























