
গাজী হাবিব, সাতক্ষীরা: দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১/১১-এর সময় দায়ের হওয়া একটি মামলায় খালাস পেয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক ছিল বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা।মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দেন। আদালতের রায়ের পর তাঁর রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।মামলার বাদী ও স্থানীয় সূত্রের ভাষ্য, ২০০৭ সালের ১/১১-এর রাজনৈতিক অস্থির সময় হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে মামলাটি করা হয়। তাঁদের দাবি, তৎকালীন যৌথ বাহিনীর চাপ ও ভয়ভীতির কারণে মরহুম সবুর সাহেবের ছেলে সাঈদকে দিয়ে মামলাটি দায়ের করানো হয়েছিল।তবে মামলার বিষয়ে আদালতের রায়ে কী কী পর্যবেক্ষণ এসেছে, তা বিস্তারিতভাবে জানা যায়নি। সংশ্লিষ্টদের দাবি, হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় আদালত তাঁকে খালাস দিয়েছেন।রায়ের প্রতিক্রিয়ায় তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শফি বলেন, আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিব যে নির্দোষ ছিলেন, আজকের রায়ে সেটিই প্রমাণিত হয়েছে। আমরা এই রায়ে অত্যন্ত আনন্দিত।খালাসের পর প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান। তিনি বলেন, সত্যের জয় অবধারিত। ১/১১-এর সময়ে আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, বিজ্ঞ আদালত আমাকে খালাস দিয়ে সত্য প্রতিষ্ঠা করেছেন। আমি আদালতের এই রায়ে সন্তুষ্ট। যারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাদের হেদায়েত দিন।তিনি আরও বলেন, সাতক্ষীরার মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর রাজনৈতিক পথচলার বড় শক্তি।রায়ের পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে চলা মামলার অবসানের মধ্য দিয়ে হাবিবুল ইসলাম হাবিবের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আইনি বিজয়।





























