
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে পৌঁছাবে। শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না স্বজনদের। নিহত ৭ জনের নিথর দেহ এক নজর দেখার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন তাদের পরিবার, আত্মীয়স্বজন ও পুরো উপজেলাবাসী।মঙ্গলবার (২৫ আগস্ট) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদের সোফা কারখানার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ কর্মীর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় চূড়ান্তভাবে শনাক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। তাদের মরদেহ দেশে পাঠানোর সব আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-340 নম্বর ফ্লাইটে আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৪:০৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, শনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন হলেন—: উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো: ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক,গণ্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী, গণ্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে সুমন আলী, গণ্ডগোহালী গ্রামের বজলুর রহমানের ছেল কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা, মার্কাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার এদিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, "নিহতদের পরিবারের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে সৌদি আরবে পাঠানো হয়েছে। শাহজালাল বিমানবন্দর থেকে মরদেহগুলো সম্পূর্ণ সরকারি খরচে নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।"প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউএনও আরও জানান, মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে শুরুতে আত্রাই উপজেলার ১৩ জন নিহতের কথা শোনা গেলেও বর্তমানে আত্রাইয়ের ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার ১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তকরণ ও মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।




























