
শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে অভিযান চালিয়ে ৫৮৪ বোতল নেশাজাতীয় বিদেশী মদসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
আজ ১৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর সদরের কুসুমহাটি বাজার এলাকার পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই সফল অভিযান পরিচালনা করে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন,ময়মনসিংহের মোঃ রোমান মিয়া (২২) ও জামালপুরের
মোঃ শান্ত ইসলাম (২৪)।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খবর পেয়ে কুসুমহাটি বাজার এলাকায় একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের পেছনে মুড়ির বস্তার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৮৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ও পিকআপসহ গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।




























