
শফিকুল স্টাফ রিপোর্টারঃগাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে মাদক বিক্রির বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদক ক্রয়ের টাকা জোগাড় করতে গিয়ে এবার ঘরের ভেতর থেকে গ্যাসের চুলা ও সিলিন্ডার চুরির সময় হাতেনাতে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ধৃতদের গণধোলাই দিয়ে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।গত রাতে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ ধনুয়া নতুন বাজার বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।আটককৃতরা হলো—ওই এলাকার আজিজুল হকের ছেলে মামুন এবং শরিফুল ইসলাম। স্থানীয় গোপন সূত্রে জানা গেছে, আটককৃত মামুন নিজেও দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।স্থানীয়রা জানান, রাতের অন্ধকার নামলেই দক্ষিণ ধনুয়া ও এর আশেপাশের আনাচে-কানাচে, অলিগলিতে মাদক ব্যবসায়ীদের তৎপরতা জমজমাট হয়ে ওঠে। মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকায় চুরি-ছিনতাই চরম আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় মাদক কেনার টাকা না পেয়ে গত রাতে চোরেরা সাধারণ মানুষের ঘরের ভেতর ঢুকে গ্যাসের চুলা এবং গ্যাসের বোতল (সিলিন্ডার) চুরি করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া করে মামুন ও শরিফুলকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিয়ে তাদের সোপর্দ করা হয়।এলাকাবাসীর অভিযোগ, মাদক সিন্ডিকেটের কারণে অত্র এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। চোর-কারবারিদের ভয়ে এখন ঘরে আসবাবপত্র ও রান্নার সামগ্রী রাখাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারা অবিলম্বে শ্রীপুরের অলিগলিতে মাদক নির্মূলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।শ্রীপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





























