
জুয়েল হাওলাদার, শরণখোলা প্রতিনিধি: শিশুদের বাল্যবিবাহ ও শিশুশ্রম থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শরণখোলা এপি।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় ধানসাগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শরণখোলা এপির আয়োজনে এবং ধানসাগর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় জারি গান ও গণনাটক অনুষ্ঠিত হয়েছে।গণনাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমের ক্ষতিকর দিক এবং শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। এতে ওয়ার্ল্ড ভিশনের শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শরণখোলা এপির প্রোগ্রাম অফিসার রোজলীন নুপুর ঘরামী, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ, এলাকার অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণনাটকের মাধ্যমে শিশুদের বাল্যবিবাহ ও শিশুশ্রম থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং তাদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।আয়োজকরা জানান, বাল্যবিবাহ একটি শিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করে। একইভাবে শিশুশ্রমের কারণে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ে। তাই শিশুদের কাজে না দিয়ে বিদ্যালয়ে পাঠানো এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া প্রয়োজন।




























